
মালয়েশিয়ার সেলানগর রাজ্যের সেলায়াং বারু এলাকায় শনিবার (৬ ডিসেম্বর) রাত ৮টা থেকে একটি অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৮৪৩ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। অভিযান সেলায়াং বাজার ও তানি মার্কেটে পরিচালনা করা হয়।
মোট ১ হাজার ১১৬ জনের কাগজপত্র যাচাই করা হয়। বৈধ নথি না থাকায় ৮৪৩ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ইন্দোনেশিয়া, ভারত, মিয়ানমার, নেপাল ও পাকিস্তানের নাগরিকও রয়েছেন। কতজন বাংলাদেশি রয়েছে, তা এখনো নিশ্চিত করা হয়নি।
অভিযানে নেতৃত্ব দেন সেলানগরের মুখ্যমন্ত্রী আমিরুদিন শারি। তিনি বলেন, রাজধানীর কাছে হওয়ায় এলাকায় অনেক বিদেশি শ্রমিক অবৈধভাবে অবস্থান করছিলেন এবং অনেকে অনুমতি ছাড়া রাস্তার পাশে ব্যবসা করছিলেন। জননিরাপত্তা নিশ্চিত করতে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে অভিযান চালানো হয়েছে।
আটকদের মধ্যে ৩৫ জন নারী রয়েছেন। তাদের বয়স ২১ থেকে ৫৩ বছরের মধ্যে। তাদের বিরুদ্ধে ওভারস্টে, বৈধ পরিচয়পত্র না থাকা এবং জাল কাগজ ব্যবহারের অভিযোগ আনা হয়েছে।
৩৫৮ সদস্যের সমন্বয়ে অভিযান পরিচালনা করে ইমিগ্রেশন, পুলিশ, সেনাবাহিনী ও জাতীয় নিবন্ধন বিভাগের সদস্যরা। এছাড়া মাদক সংক্রান্ত অভিযোগে দু’জন মালয়েশীয়ও আটক হন।
সকল আটককৃতকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সেমেনিহ ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, অবৈধ কর্মী নিয়োগকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।
সিএনআই/২৫