
আজ (৪ ডিসেম্বর) থেকে বাজারে নতুন ডিজাইন ও সিরিজের ৫০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট প্রচলন শুরু হচ্ছে। এটি প্রথমবারের মতো গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, নতুন নোটটি প্রথমে মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে এবং পরবর্তীতে দেশের অন্যান্য শাখা থেকে পাওয়া যাবে।
নতুন সিরিজের নোটগুলো ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শিরোনামের অধীনে মুদ্রিত হয়েছে। এর মধ্যে ১০০০, ১০০, ৫০ ও ২০ টাকার নোট ইতিমধ্যে বাজারে এসেছে।
৫০০ টাকার নতুন নোটের ডিজাইন অনুযায়ী, সম্মুখভাগে বাম পাশে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার, মাঝখানে শাপলার ফুল এবং পাতা ও কলিসের ব্যাকগ্রাউন্ড, পেছনের দিকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি মুদ্রিত। জলছাপে রয়েল বেঙ্গল টাইগারের মুখ এবং নোটের নিচে ‘৫০০’ ও বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম আছে। নোটটির সবুজ রঙের আধিক্য রয়েছে।
নোটে মোট ১০ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে। সম্মুখভাগের ডান কোনায় থাকা ‘৫০০’ রঙ পরিবর্তনশীল নিরাপত্তা কালি দ্বারা মুদ্রিত; নাড়ালে রং সবুজ থেকে নীল পরিবর্তিত হয়। লাল রঙের নিরাপত্তা সুতা নাড়ালে সবুজে রূপান্তরিত হয় এবং স্বর্ণালি বারের রঙধনুর মতো দেখা দেয়। দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য নোটের সম্মুখভাগে ৫টি ছোট বৃত্ত স্পর্শে অনুভূত হয়।
ইন্টাগ্লিও কালি ব্যবহৃত অংশগুলোও হাতের স্পর্শে অসমতল অনুভূত হবে। নোটে রয়েছে মাইক্রোপ্রিন্ট, See Through image, UV fluorescence ink এবং UV curing varnish, যা নোটকে চকচকে ও নিরাপদ করে তোলে।
নতুন নোটের পাশাপাশি বর্তমান সব কাগজি নোট ও ধাতব মুদ্রা চলবে। মুদ্রা সংগ্রাহকদের জন্য ৫০০ টাকা মূল্যমানের নমুনা (Specimen) নোটও মুদ্রণ করা হয়েছে, যা টাকা জাদুঘর, মিরপুর থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে।
সিএনআই/২৫