২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তেঁতুলিয়ায় তীব্র শীত, তাপমাত্রা নেমে ১২ ডিগ্রিতে

শেয়ার করুন

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের প্রকোপ বাড়ছে। কয়েক দিন ধরেই এ অঞ্চলে তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টায় সেখানে ১২ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৪ শতাংশ। সন্ধ্যার পর এখানকার জনজীবনে হিমেল বাতাসের প্রভাব স্পষ্ট, সাথে বাড়ছে ঘন কুয়াশা।

উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় ইতোমধ্যে জেঁকে বসেছে শীত। বিশেষ করে রাত থেকে পরদিন সকাল পর্যন্ত কুয়াশায় ঢেকে যাচ্ছে সড়ক-মহাসড়ক, ফলে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। তীব্র শীতে ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষরা—অনেকেই সকালে কাজে বের হতে পারছেন না।

গ্রামে গ্রামে মানুষজন গরম কাপড় ও আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। লেপ-তোশক ও গরম কাপড়ের দোকানগুলোতে বেড়েছে ক্রেতার ভিড়। একই সঙ্গে শীতের পিঠাপুলির ব্যবস্থাও বেড়েছে, সড়কের পাশের দোকানগুলোতে পিঠার স্বাদ নিতে ভিড় করছেন অনেকে।

এদিকে শিশু ও বয়স্কদের মধ্যে শীতজনিত রোগের প্রকোপ বাড়ায় হাসপাতালগুলোতে রোগীর চাপও বৃদ্ধি পেয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, কয়েক দিন ধরেই তেঁতুলিয়ার তাপমাত্রা ক্রমশ কমছে। বৃহস্পতিবার সকাল ৯টায় রেকর্ড করা ১২ ডিগ্রি সেলসিয়াসই দিনের সর্বনিম্ন তাপমাত্রা। সামনে তাপমাত্রা আরও কমতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

সিএনআই/২৫

শেয়ার করুন