২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা কলেজে শিক্ষার্থীদের সড়ক অবরোধে তীব্র যানজট

শেয়ার করুন

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫–এর চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে সাত কলেজের শিক্ষার্থীরা বুধবার (৩ ডিসেম্বর) সকালে ঢাকা কলেজের সামনে সড়ক অবরোধ করেন। তাদের এ অবস্থান কর্মসূচির কারণে মিরপুর সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং নিউমার্কেটসহ আশপাশের এলাকায় দেখা দেয় তীব্র যানজট। এতে দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ, শিক্ষার্থীসহ সাধারণ পথচারীরা।

সকাল থেকেই শিক্ষার্থীরা মিরপুর সড়কে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা ঢাকা কলেজ থেকে মিছিল বের করে আজিমপুর মোড় হয়ে আবার কলেজের সামনে ফিরে এসে সড়কের মাঝেই অবস্থান নেন। এর ফলে সারা এলাকায় যানজট আরও বেড়ে যায়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে তিন দফা আলোচনার পরও অধ্যাদেশ জারির কোনো অগ্রগতি দেখা যায়নি। এতে প্রায় দেড় লাখ শিক্ষার্থী ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় পড়েছে বলে তারা অভিযোগ করেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

সিএনআই/২৫

শেয়ার করুন