২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সহকারী শিক্ষকদের কর্মবিরতি, পরীক্ষায় ভোগান্তি চরমে

শেয়ার করুন

বরগুনার আমতলী উপজেলার ১৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা কর্মবিরতিতে থাকায় বার্ষিক পরীক্ষা নিতে হিমশিম খেয়েছেন প্রধান শিক্ষকরা। এতে প্রভাব পড়েছে প্রায় ২৪ হাজার শিক্ষার্থীর ওপর, সৃষ্টি হয়েছে ব্যাপক ভোগান্তি।

গত ৮ নভেম্বর থেকে দশম গ্রেডসহ তিন দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কর্মসূচি পালন করছেন। ১১ নভেম্বর মন্ত্রণালয় থেকে ১১তম গ্রেডে উন্নীত করার আশ্বাস দেওয়া হলে তারা কর্মসূচি স্থগিত করেন। তবে প্রতিশ্রুতি বাস্তবায়নের কোনো অগ্রগতি না থাকায় শিক্ষকরা পুনরায় কর্মবিরতিতে গেছেন।

১ ডিসেম্বর থেকে শুরু হওয়া বার্ষিক পরীক্ষায় সহকারী শিক্ষকরা দায়িত্ব পালন না করায় পরীক্ষার খাতা বিতরণ, তদারকি, প্রশ্ন পরিচালন—সব দায়িত্বই একাই সামলাতে হয়েছে প্রধান শিক্ষক এবং পিয়নদের। এতে পরীক্ষার নিয়মশৃঙ্খলা ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক চাপও বেড়েছে।

কর্মবিরতিতে থাকা শিক্ষকদের অভিযোগ, ১১তম গ্রেডে উন্নীত করার বিষয়টি এখনও বাস্তবায়ন হয়নি। দাবির বিষয়ে কোনো নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাবেন।

আমতলী একে হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম জিল্লুর রহমান জানান, সহকারী শিক্ষকরা সহযোগিতা না করায় পরীক্ষার পুরো চাপ একাই নিতে হয়েছে।

বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন বলেন, সহকারী শিক্ষকদের দাবি ন্যায্য। তারা পরীক্ষায় কোনো সহায়তা না করায় পরিস্থিতি কঠিন হয়ে উঠেছে।

আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সফিউল আলম বলেন, সহকারী শিক্ষকদের কর্মবিরতির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সিএনআই/২৫

শেয়ার করুন