২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমিকম্পে ঘোড়াশালসহ দেশজুড়ে কয়েক বিদ্যুৎকেন্দ্র বন্ধ

শেয়ার করুন

ভূমিকম্পের প্রভাবে নরসিংদীর ঘোড়াশালসহ দেশের বেশ কয়েকটি বিদ্যুৎকেন্দ্র সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

পিডিবি জানায়, ভূমিকম্পের কারণে ঘোড়াশাল, বিবিয়ানা, বাঁশখালী, আশুগঞ্জ, সিরাজগঞ্জসহ বিভিন্ন বিদ্যুৎকেন্দ্র সাময়িকভাবে বন্ধ রয়েছে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ দ্রুত স্বাভাবিক করতে ইতোমধ্যে কাজ চলছে।

এর আগে সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানীসহ দেশের বহু এলাকায় মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। নরসিংদীর মাধবদী কেন্দ্র করে সংঘটিত এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৭, যা কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।

ভূমিকম্পে বড় ধরনের ভবন ধসের ঘটনা না ঘটলেও নরসিংদীসহ বিভিন্ন এলাকায় বহু ভবন, স্থাপনা ও বাড়িঘরে ফাটল দেখা যায়। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের পাওয়া তথ্য

  • পুরান ঢাকার আরমানিটোলা: ৮ তলা ভবন ধসের খবর পাওয়া যায়। দুটি ইউনিট পৌঁছে দেখে ভবনের বড় ক্ষতি হয়নি; পলেস্তারার কিছু অংশ ও ইট খসে পড়ে। কোনো হতাহতের ঘটনা নেই।

  • খিলগাঁও: নির্মাণাধীন ভবন থেকে একটি ইট পড়ে পার্শ্ববর্তী দোতলা ভবনের একজন আহত হন। স্থানীয়রা তাকে হাসপাতালে নেন।

  • বারিধারা ব্লক–এফ: একটি বাসায় আগুন লাগে। বারিধারা স্টেশনের দুই ইউনিট আগুন নেভানোর কাজ করছে। আগুন ভূমিকম্পজনিত কি না জানা যায়নি।

  • সূত্রাপুর স্বামীবাগ: ৮ তলা ভবন আরেকটি ভবনের দিকে হেলে পড়েছে বলে খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

  • প্রধান উপদেষ্টার কার্যালয়: ভবন ক্ষতির খবর পাওয়া গেলেও পরিদর্শনের পর দেখা যায় ক্ষতি হয়নি।

  • কলাবাগান: ৭ তলা ভবন হেলে পড়ার খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আছে, এখনো কোনো হতাহতের খবর নেই।

  • মুন্সীগঞ্জ গজারিয়া: একটি বাসায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুই ইউনিট কাজ করছে।

সিএনআই/২৫

শেয়ার করুন