২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগের নির্বাচনে অংশ না নেওয়া প্রসঙ্গে প্রধান উপদেষ্টা

শেয়ার করুন

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বর্তমান পরিস্থিতির কারণে আওয়ামী লীগ আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক ভাইস মিনিস্টার পাসকাল গ্রোটেনহুইস প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক উত্তরণ এবং আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা জানান, নির্বাচনের প্রস্তুতি জোরদার করা হয়েছে এবং সরকার প্রতিশ্রুতিবদ্ধ একটি অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে। আওয়ামী লীগের বিষয়ে তিনি বলেন, দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবং নির্বাচন কমিশনের নিবন্ধন স্থগিত থাকায় তারা নির্বাচনে অংশ নিতে পারবে না।

ড. ইউনূস আরও বলেন, আগের সরকারের অধীনে অনুষ্ঠিত তিনটি কারচুপির নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে না পারা বিপুলসংখ্যক তরুণ এবার প্রথমবার ভোট দিতে পারবেন। গণঅভ্যুত্থানের সময় যারা দেয়ালে গ্রাফিতি এঁকে আন্দোলনে ভূমিকা রেখেছিলেন, তারাই এখন ভোটকেন্দ্রে আসবেন—এটি দেশের জন্য ঐতিহাসিক মুহূর্ত বলে মন্তব্য করেন তিনি।

ডাচ ভাইস মিনিস্টার বলেন, স্বল্প সময়ে নির্বাচন আয়োজনের প্রস্তুতিতে অন্তর্বর্তী সরকার উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে। তিনি বাংলাদেশের শ্রম আইন সংস্কারকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে জানান, এই পরিবর্তন ইউরোপসহ নেদারল্যান্ডসের বিনিয়োগ বাড়াতে সহায়ক হবে। সম্প্রতি উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর রাষ্ট্রপতি এসব আইনে স্বাক্ষর করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

গ্রোটেনহুইস জানান, নেদারল্যান্ডস বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে পিপিপি ভিত্তিক একটি সমঝোতা স্মারক সইয়ের পরিকল্পনা করছে। তাঁর আশা, এটি শিগগিরই সম্পন্ন হবে এবং বাংলাদেশের প্রতি ডাচ বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে। গত ৫০ বছর ধরে উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করা দুই দেশ এখন সমতা ও অংশীদারত্বের ভিত্তিতে রাজনৈতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও বিস্তৃত করতে চায় বলেও তিনি মন্তব্য করেন।

বৈঠকে কৃষি, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, প্রযুক্তি সহযোগিতা, যুব উন্নয়ন, এবং তরুণ ও নারী উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের সম্ভাবনাসহ নানা বিষয়ে আলোচনা হয়।

সিএনআই/২৫

শেয়ার করুন