
রাজধানী ঢাকায় শীতের আমেজ অনুভূত হচ্ছে। বুধবার (১২ নভেম্বর) সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজকের আকাশ পরিষ্কার থাকতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আজ সারাদিন পরিষ্কার থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দক্ষিণ বা দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
বাতাসের আর্দ্রতার পরিমাণ সকাল ৬টায় ছিল ৭০ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, যেখানে বুধবার সকালে তাপমাত্রা নেমে এসেছে ১২ ডিগ্রি সেলসিয়াসে।
সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
সিএনআই/২৫