
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ সন্ত্রাসীদের দেখামাত্র এসএমজি দিয়ে ব্রাশফায়ার করার নির্দেশ দিয়েছেন। তবে তিনি স্পষ্ট করেছেন, সাধারণ ও নিরস্ত্র জনসাধারীর ওপর গুলি চালানো হবে না।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে নিজের বেতার বার্তায় কমিশনার থানা ও টহল পুলিশ সদস্যদের উদ্দেশে এসব নির্দেশনা দেন। তিনি বলেন, “বাইরে থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা নগরবাসীর ওপর গুলি করতে পারবে না। যার হাতে অস্ত্র নেই, তার ওপর ব্রাশফায়ার হবে না।”
তিনি আরও বলেন, শটগান বা চায়না রাইফেল ব্যবহার করা হবে না। টহল টিমগুলোকে এসএমজি ছাড়াও দুটি গ্যাসগান এবং নাইন এমএম পিস্তল বহন করতে বলা হয়েছে। স্থায়ী চেকপোস্ট ৭টি থেকে ১৩টিতে বৃদ্ধি করতে নির্দেশ দেওয়া হয়েছে।
সিএমপি কমিশনার বলেন, “সন্ত্রাসী সরোয়ার বাবলা হত্যায় জড়িত কয়েকজনকে আমরা আগেও গ্রেপ্তার করেছি, কিন্তু জামিনে বেরিয়ে গেছেন। তাই সতর্ক থাকা প্রয়োজন।”
তিনি ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন দাবি করে জানান, “আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রমে অংশগ্রহণ করলে গ্রেপ্তার করা হবে, গুলি করা হবে না।”
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহে নগরে বিভিন্ন রাজনৈতিক সহিংসতায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে সরোয়ার হোসেনের বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে। এছাড়া বাকলিয়া ও হালিশহরে ছুরিকাঘাত ও গুলিবিদ্ধ হওয়ার ঘটনাও ঘটেছে, যার মধ্যে অন্তত ১০ জন আহত হয়েছেন।
সিএনআই/২৫