৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেরোবিতে শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভের 3D মডেল প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত

শেয়ার করুন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভ নির্মাণের লক্ষ্যে 3D মডেল প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউদ্দিন আহমেদ।

সভায় স্বাগত বক্তব্যে অতিরিক্ত সচিব জিয়াউদ্দিন আহমেদ বলেন, “জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের অবদান আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তার ত্যাগের প্রতি সম্মান জানাতে স্মৃতিস্তম্ভ নির্মাণের এই উদ্যোগ শুধু একটি স্থাপত্য নিদর্শনই হবে না বরং এটি আগামী প্রজন্মকে ইতিহাস জানতে ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে ভূমিকা রাখবে।”

তিনি আরও জানান, শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভের তিনটি নকশা তৈরি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত নকশা নির্বাচন করা হবে। সব প্রক্রিয়া সম্পন্ন করে আগামী অর্থবছরেই নির্মাণকাজ শুরু করার আশা প্রকাশ করেন তিনি।

উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেন, “শহীদ আবু সাঈদ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের বীর সন্তান। তার স্মৃতিস্তম্ভ নির্মাণের মাধ্যমে শুধু বিশ্ববিদ্যালয় পরিবার নয়, সারাদেশের মানুষ তার অবদানকে নতুনভাবে জানতে পারবে। একই সঙ্গে এটি ক্যাম্পাসের নান্দনিকতাও বৃদ্ধি করবে।”

তিনি আরও বলেন, “এই স্মৃতিস্তম্ভ হবে আমাদের স্বাধীনতা ও গণতান্ত্রিক চেতনাকে জাগ্রত রাখার অনবদ্য প্রতীক।”

সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, রংপুর জেলা প্রশাসক, স্থপতি ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভের 3D মডেলটি অংশগ্রহণকারীদের সামনে প্রদর্শন করা হয়। সবাই নকশার প্রশংসা করেন এবং শহীদ আবু সাঈদের স্মৃতি অমর রাখতে এই উদ্যোগের সাফল্য কামনা করেন।

শেয়ার করুন