
দীপাবলির মৌসুমে বলিউডের বড় পর্দায় একসঙ্গে একাধিক ছবি মুক্তি পেলেও, আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মন্দানা অভিনীত ‘ঠাম্মা’ সেই ভিড়ে যেন হারিয়ে যাচ্ছে। মুক্তির প্রথম দিকে কিছুটা আশার সঞ্চার করলেও, বর্তমানে ছবিটির বক্স অফিস পারফরম্যান্স স্পষ্টভাবে মন্থর হয়ে পড়েছে।
ফিল্ম ট্র্যাকিং সংস্থা স্যাকনিল্ক জানিয়েছে, মুক্তির চতুর্থ দিনে ‘ঠাম্মা’ আয় করেছে মাত্র ৯.৫ কোটি রুপি, ফলে ভারতের অভ্যন্তরীণ মোট আয় দাঁড়িয়েছে ৬৫.৫ কোটি রুপিতে। সংখ্যাটি খারাপ না হলেও, দীপাবলির ব্যস্ত প্রতিযোগিতায় তা প্রত্যাশার তুলনায় অনেকটাই কম।
বক্স অফিস বিশ্লেষকরা বলছেন, ছবিটির প্রতি দর্শকদের আগ্রহও দিন দিন হ্রাস পাচ্ছে। ভারতের বিভিন্ন শহরে কমে আসছে শো সংখ্যা, যা ছবিটির আয় আরও কমিয়ে দিতে পারে।
অন্যদিকে, তুলনামূলক ছোট পরিসরে মুক্তি পাওয়া ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়ত’ বরং চমক দেখিয়েছে। অর্ধেক প্রদর্শনী নিয়েও চার দিনে এর আয় দাঁড়িয়েছে ২৮.২৫ কোটি রুপি, এবং দর্শক সংখ্যা স্থিতিশীল রয়েছে।
আদিত্য সরপটদার পরিচালিত ‘ঠাম্মা’-তে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা, রাশমিকা মন্দানা, নওয়াজউদ্দিন সিদ্দিকী, পারেশ রাওয়াল, জানার্দন কদম ও গীতা আগরওয়াল শর্মা।
সমালোচকদের মতে, ছবিটির গল্পে তেমন গভীরতা বা চমক নেই। দীপাবলির মতো উৎসবের সময়ে দর্শক যেখানে খুঁজছেন হালকা মেজাজের বিনোদন, সেখানে ‘ঠাম্মা’ কিছুটা ভারী ও একঘেয়ে মনে হয়েছে অনেকের কাছে।
চলচ্চিত্র বিশেষজ্ঞদের ধারণা, মুখের কথায় প্রচারণা বা ইতিবাচক রিভিউ না থাকলে ছবিটির আয়ের গতি আরও কমে যেতে পারে আসন্ন সপ্তাহে।
সিএনআই/২৫