২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আহত শিক্ষার্থী নিলয়কে দেখতে তার বাড়িতে গেলেন বেরোবি রেজিস্ট্রার

শেয়ার করুন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) মার্কেটিং বিভাগের আহত শিক্ষার্থী নিলয় সরকারকে দেখতে গাজীপুরের টঙ্গিতে তার বাড়িতে যান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর-রশিদ। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে তিনি নিলয়ের পরিবারের সঙ্গে দেখা করে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

গত ১৩ অক্টোবর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘটিত এক ঘটনায় নিলয় চোখে গুরুতর আঘাত পান। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর-রশিদ জানান, “নিলয়ের চোখের অবস্থা আগের চেয়ে উন্নতি হয়েছে। তিনি এখন চোখ মেলতে ও দেখতে পারছেন। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আগামী একমাস তাকে পূর্ণ বিশ্রামে থাকতে হবে।”

রেজিস্ট্রার আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন নিলয়ের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতা দিচ্ছে। উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর নির্দেশনা অনুযায়ী, নিলয়ের অসুস্থতার কারণে তার শিক্ষাজীবন যেন বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা নিলয়ের দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং তার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

উল্লেখ্য, এর আগে গত ১৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীও নিলয় সরকারকে দেখতে তার বাড়িতে গিয়েছিলেন এবং পরিবারের সঙ্গে কথা বলে চিকিৎসার খোঁজখবর নিয়েছিলেন।

রাকিবুল হাসান মুন্না
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর

শেয়ার করুন