
মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বটতলা বাজারে ভয়ংকর হামলা ও লুটপাট চালিয়েছে মুখোশধারী একদল দুর্বৃত্ত। পুলিশ পরিচয়ে সন্ত্রাসীরা মো. হারুন অর রশিদের বাড়িতে ঢুকে পরিবারের আটজনকে বেঁধে পিটিয়ে দেয় এবং তাদের বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে লুটপাট করে নিয়ে যায়। পরিবারের অভিযোগ, স্বর্ণালংকার, নগদ টাকা ও জমির দলিলসহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয় হামলাকারীরা।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১ মে) ভোর রাতে, উপজেলার আনইলবুনিয়া গ্রামের বটতলা বাজারে। ভুক্তভোগী হারুন অর রশিদের পরিবারের দাবি, একই গ্রামের ব্যবসায়ী নাসির খান সরোয়ারের ভাড়া করা সন্ত্রাসীরা রাত ৪টায় মুখোশ পরে দেশীয় অস্ত্রসহ বাড়িতে হানা দেয়। তারা হারুন, তার স্ত্রী, ছেলে, পুত্রবধূ ও তিন কন্যাসহ আটজনকে হাত-পা বেঁধে নির্যাতন করে। লুট করা মালামালের মধ্যে রয়েছে ৮ ভরি স্বর্ণ, ৫টি মোবাইল ফোন, ৭৪ হাজার নগদ টাকা এবং জমির গুরুত্বপূর্ণ কাগজপত্র।
এ সময় বাইরে অবস্থান করা প্রায় ৫০ জন দুর্বৃত্ত বটতলা বাজারের হারুনের দোকানঘরগুলোও গুঁড়িয়ে দেয়। মুদি দোকান, কসমেটিকস, চায়ের দোকানসহ মোট ছয়টি দোকান ভেঙে লুট করে তারা। দোকান থেকে তারা এক লাখ তিন হাজার টাকা নগদ, প্রায় পাঁচ লাখ টাকার মালামালসহ বিভিন্ন খাদ্যপণ্য নিয়ে যায়।
হারুনের ছেলে মেহেদী জানায়, আতঙ্কিত আত্মীয়রা ৯৯৯ নম্বরে ফোন করলেও কাছাকাছি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে আড়াই ঘণ্টা সময় নেয়। এ সময়ের মধ্যেই লুটপাট শেষ করে হামলাকারীরা পালিয়ে যায়।
ভুক্তভোগীদের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও পুলিশ এখনও কোনো দৃশ্যমান ব্যবস্থা নেয়নি। বরং হামলাকারীদের পক্ষে আবারও সেখানে ঘর তোলার প্রস্তুতি চলছে বলে দাবি তাদের। উল্লেখ্য, হারুনের পরিবার ২০০৭ সালে ৬ শতাংশ জমি কিনে সেখানে ব্যবসা করে আসছিল।
স্থানীয় বাজার কমিটির সদস্যরা জানিয়েছেন, হারুন দীর্ঘদিন ধরেই ওই বাজারে ব্যবসা করছিলেন। হামলার অভিযোগ উঠেছে নাসির খান সরোয়ারের ভাড়াটিয়া বাহিনীর বিরুদ্ধে। সরোয়ারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে কাঁঠালিয়া থানার ওসি মং চেনলা ঘটনার সত্যতা স্বীকার করলেও মিডিয়ার সামনে বক্তব্য দিতে রাজি হননি।
এদিকে স্থানীয়দের আশঙ্কা, হামলাকারীরা রাতে আবারও সেখানে স্থাপনা তোলার চেষ্টা চালাতে পারে। ক্ষতিগ্রস্ত পরিবার দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও ন্যায়বিচার চেয়েছে।