২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাইড বই ছাপা বন্ধে ভ্রাম্যমাণ আদালত চালানোর নির্দেশ

শেয়ার করুন

নোট-গাইড বই ছাপা বন্ধে আরও কঠোর হচ্ছে সরকার

সরকারের সিদ্ধান্ত অমান্য করে নিষিদ্ধ নোট ও গাইড বই ছাপা রোধে আরও কঠোর পদক্ষেপ নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে জেলা প্রশাসকদের ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি ঢাকা জেলা প্রশাসককে পাঠানো এক চিঠিতে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ষষ্ঠ থেকে দশম শ্রেণির নতুন পাঠ্যবই ছাপার কাজ জানুয়ারি মাসজুড়ে চলবে। এই সময়ে ৪০ কোটি পাঠ্যবই ছাপার জন্য নিয়োজিত প্রেসগুলো যেন নোট ও গাইড বই, ডায়েরি বা ক্যালেন্ডার ছাপতে না পারে তা নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে ম্যাজিস্ট্রেট নিয়োগ ও মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। ১১৬টি প্রেসের তালিকা চিঠির সঙ্গে সরবরাহ করা হয়েছে। এছাড়া অন্যান্য জেলা প্রশাসকদেরও একই ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে, গত ৩ ডিসেম্বর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) নির্দেশ দেয়, প্রাক-প্রাথমিক থেকে দশম শ্রেণির বিনামূল্যের পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর আগে সব ধরনের সহায়ক বই, নোট বা গাইড ছাপা বন্ধ রাখতে হবে।

এনসিটিবি আরও জানায়, পাঠ্যবই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের কাজ নির্বিঘ্ন ও দ্রুত সম্পন্ন করা সবার জাতীয় এবং নৈতিক দায়িত্ব। তাই পাঠ্যপুস্তক মুদ্রণ ও সরবরাহ শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের নোট ও গাইড বই মুদ্রণ থেকে বিরত থাকতে হবে।

সরকারের এই উদ্যোগ শিক্ষার্থীদের হাতে সঠিক সময়ে মানসম্মত পাঠ্যবই পৌঁছে দেওয়ার পাশাপাশি শিক্ষাব্যবস্থায় অনৈতিক কার্যক্রম রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

 

শেয়ার করুন