২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার
১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় হাম-রুবেলা টিকাদান সফল করতে ধর্মীয় নেতাদের সম্পৃক্ততার আহ্বান

শেয়ার করুন

এস এম শাহরিয়ার, খুলনাঃ

খুলনা মহানগরীতে চলমান হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শতভাগ সফল করতে ধর্মীয় নেতৃবৃন্দকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেছেন, শিশুদের সুরক্ষায় টিকাদান শুধু স্বাস্থ্য উদ্যোগ নয়, এটি সামাজিক দায়িত্বও।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে নগরীর শেরে বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনে খুলনা সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের আয়োজনে ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সভায় বিভিন্ন মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, গির্জার প্রতিনিধি এবং ইমাম পরিষদ-খুলনার নেতারা অংশ নেন।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, দেশে হাম ও রুবেলার সংক্রমণ শিশুস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে হামজনিত শিশুমৃত্যুর ঘটনা সরকারকে বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে বাধ্য করেছে। এ পরিস্থিতিতে প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে সরকার দেশব্যাপী কর্মসূচি বাস্তবায়ন করছে।

তিনি ধর্মীয় নেতাদের উদ্দেশে বলেন, সমাজে সচেতনতা গড়ে তুলতে মসজিদ, মাদরাসা, মন্দির ও গির্জা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ধর্মীয় সমাবেশগুলোতে টিকার প্রয়োজনীয়তা এবং হামের ঝুঁকি সম্পর্কে মানুষকে জানাতে হবে, যাতে কোনো শিশু টিকাবঞ্চিত না থাকে।
সভায় জানানো হয়, আগামী ২০ মে পর্যন্ত খুলনা মহানগরীতে হাম-রুবেলা ক্যাম্পেইন চলবে। খুলনায় সংক্রমণের হার তুলনামূলক কম হলেও নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণে বাকি সময়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মো. আশরাফ আলী, ইমাম পরিষদ-খুলনার সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, বাংলাদেশ ব্যাপ্টিস্ট চার্চ সংঘ-খালিশপুরের সাধারণ সম্পাদক পল প্রশান্ত বিশ্বাস, খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সভাপতি সুজনা জলি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএম নাজমুর রহমান সজিব। সভা পরিচালনা করেন কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম।

শেয়ার করুন