১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার
৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় বর্বর হত্যাযজ্ঞ চলছেই, আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত

শেয়ার করুন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের অব্যাহত হামলায় আরও ৫৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার (৪ জানুয়ারি) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। এতে গাজার চলমান সংঘাতে নিহতের সংখ্যা ৪৫,৭১৭ জনে পৌঁছেছে। এ ছাড়া আহত হয়েছেন এক লাখ আট হাজার ৮৫৬ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের বর্বর হামলায় ৫৯ জন নিহত এবং ২৭৩ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন, তবে উদ্ধারকারীরা নিরাপত্তাজনিত কারণে তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, গাজার বিভিন্ন জায়গায় ধ্বংস হওয়া ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনো ১০ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

জাতিসংঘের যুদ্ধবিরতির আহ্বান এবং নিরাপত্তা পরিষদের প্রস্তাব উপেক্ষা করে ইসরায়েল গাজায় তার আক্রমণ অব্যাহত রেখেছে। এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ ও গির্জাসহ হাজার হাজার স্থাপনা ধ্বংস হয়েছে।

এদিকে, গাজায় ইসরায়েলের হামলার কারণে প্রায় ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। জাতিসংঘ জানিয়েছে, গাজার ৮৫ শতাংশ মানুষ এখন বাস্তুচ্যুত অবস্থায় আছেন। এছাড়া খাদ্য, পানি ও ওষুধের তীব্র সংকটের কারণে গাজার সকল বাসিন্দা মানবিক বিপর্যয়ের মধ্যে রয়েছেন।

অবরুদ্ধ গাজার ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। আন্তর্জাতিক মহল ইসরায়েলকে এই গণহত্যার জন্য দায়ী করছে এবং ইতোমধ্যে দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগ আনা হয়েছে।

 

শেয়ার করুন