
দিল্লির মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের শুক্রবার থেকে ঢাকার কাকরাইল মসজিদে রাত্রীযাপনসহ তাবলীগ জামাতের সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে সরকার।
আর বাংলাদেশের মাওলানা জুবায়ের আহমদের অনুসারীদের কেবল ২৭ ডিসেম্বর শুক্রবার কাকরাইল মসজিদ ঘিরে বড় ধরনের জমায়েত থেকে বিরত থাকতে বলা হয়েছে।
তাবলিগ জামাতের দুই পক্ষের বিরোধ রক্তক্ষয়ী সংঘাতের রূপ পাওয়ার প্রেক্ষাপটে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই আদেশ দেয়।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মাওলানা সাদের অনুসারী রেজা অরিফ বলেন, “আমরা শান্তি-শৃঙ্খলার স্বার্থে সরকারের এই সিদ্ধান্ত মেনে নিয়েছি। আশা করি পরবর্তীতে সরকার আমাদের শান্তিপূর্ণভাবে ইজতেমা করার সুযোগ করে দেবে।”
দুই সপ্তাহের জন্য কাকরাইল মসজিদে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়ে গত ১৫ নভেম্বর থেকে ঢাকায় তাবলিগ জামায়াতের এই মারকাজে (কেন্দ্রে) জড়ো হন সাদপন্থিরা।
অন্যদিকে সাদপন্থিদের নিষিদ্ধ ঘোষণাসহ তিন দফা দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে কাকরাইল এলাকায় অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করেন জুবায়েরপন্থিরা।
একইসঙ্গে টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠ এবং তাবলিগের প্রধান কেন্দ্র কাকরাইল মসজিদে সাদপন্থিদের কোনো কার্যক্রম চালাতে না দেওয়ারও ঘোষণা দিয়েছিলেন তারা।