
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় কাভার্ড ভ্যানের ধাক্কায় লিটন মিয়া নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিটন মিয়া উপজেলার তেলিগুল গ্রামের ফুলু মিয়ার ছেলে। পেশায় তিনি ছিলেন একজন কাঠমিস্ত্রি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে দক্ষিণ বাজার এলাকার সাফরন রেস্টুরেন্টের সামনে ঢাকাগামী সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান পালসার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান লিটন মিয়া।
খবর পেয়ে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনায় জড়িত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। একই সঙ্গে চালকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বড়লেখা থানার এসআই দেবল কুমার দাস জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।
বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান বলেন, “দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে এবং চালকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।”
দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।