১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

খ্রিষ্টান সম্প্রদায়সহ সবাইকে দেশের উন্নয়নে এগিয়ে আসতে হবে

শেয়ার করুন

প্রফেসর মুহাম্মদ ইউনূস খ্রিষ্টান সম্প্রদায়সহ দেশের সকল মানুষকে মানবতার মহান ব্রতে উদ্বুদ্ধ হয়ে জাতীয় উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

বড়দিন উপলক্ষে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দেওয়া এক বাণীতে তিনি খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি বলেন, খ্রিষ্টান ধর্মের প্রবর্তক যীশু খ্রিষ্ট এই দিনে বেথেলহেমে জন্মগ্রহণ করেন। ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে শোষণমুক্ত সমাজ গঠন ছিল তাঁর অন্যতম ব্রত। মহামতি যীশু তাঁর জীবন উৎসর্গ করেছেন বিপন্ন ও অনাহারক্লিষ্ট মানুষের কল্যাণে। তাঁর জীবনাচরণ এবং দৃঢ় চারিত্রিক গুণাবলির জন্য তিনি মানব ইতিহাসে চিরস্মরণীয়।

ড. ইউনূস বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। এখানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে বাস করছে। সকল ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা রয়েছে। বড়দিন খ্রিষ্টান সম্প্রদায়সহ বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, ছাত্র-শ্রমিক-জনতার গণআন্দোলনের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

প্রফেসর ইউনূস খ্রিষ্টান ধর্মাবলম্বীসহ দেশের সকল মানুষের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।

 

শেয়ার করুন