
দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় গরুর দুধে বার্ড ফ্লু ভাইরাসের উপস্থিতি শনাক্ত হওয়ায় রাজ্য জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
বুধবার এক বিবৃতিতে রাজ্যের গভর্নর গ্যাভিন নিউজম এই জরুরি অবস্থা জারির কথা ঘোষণা করেন। ২০২৪ সালে দুগ্ধজাত গবাদি পশুদের মধ্যে প্রথমবারের মতো এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় ফেডারেল এবং রাজ্যের কর্মকর্তারা এটিকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন।
গ্যাভিন নিউজম তার বিবৃতিতে জানিয়েছেন, রাজ্য জুড়ে জরুরি অবস্থা জারির মাধ্যমে সরকারি সংস্থাগুলোকে বার্ড ফ্লু রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে।
এনবিসি নিউজের খবরে বলা হয়েছে, বুধবারই প্রথম একজন গুরুতর বার্ড ফ্লু আক্রান্ত ব্যক্তির খবর পাওয়া গেছে। ৬৫ বছর বয়সী ওই ব্যক্তির অবস্থা গুরুতর এবং তার শরীরে নানা লক্ষণ দেখা দিয়েছে।
গভর্নর নিউজম আরও বলেন, রাজ্য জুড়ে জরুরি অবস্থা জারির মাধ্যমে সরকারি সংস্থাগুলো যাতে এই প্রাদুর্ভাব কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে সেজন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
লুইসিয়ানায় একজন ব্যক্তির শরীরে গুরুতর বার্ড ফ্লুর লক্ষণ দেখা দেওয়ার পর সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বুধবার এই তথ্য জানিয়েছে। তবে, ক্যালিফোর্নিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা এখনও পর্যন্ত সেখানকার কোনও বাসিন্দার থেকে অন্য কোনও বাসিন্দার শরীরে বার্ড ফ্লু সংক্রমণের খবর পাননি বলে জানিয়েছেন।
এই ভাইরাস মানুষের দেহে ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ তৈরি হলেও, বিশেষজ্ঞরা বলছেন, এতে মানুষের জন্য ঝুঁকির মাত্রা খুব সামান্য।
নিউজম বলেন, জনগণের মধ্যে ঝুঁকি কম থাকলেও আমরা এই ভাইরাসের বিস্তার রোধে প্রয়োজনীয় সকল পদক্ষেপ অব্যাহত রাখব।
সর্বপ্রথম বার্ড ফ্লু বা এইচফাইভএন১ ভাইরাস শনাক্ত হয়েছিল ১৯৯৬ সালে। তবে ২০২০ সাল থেকে বার্ড ফ্লু আক্রান্ত পাখির সংখ্যা অনেক বেড়ে যায়। তখন থেকে স্তন্যপায়ী প্রাণীদের আক্রান্ত হওয়ার সংখ্যাও বাড়তে দেখা গেছে।
চলতি বছরের মার্চে যুক্তরাষ্ট্রে গরু ও ছাগলও এ তালিকায় যুক্ত হয়েছিল। এতে বিশেষজ্ঞরা হতবাক হয়েছিলেন। কারণ, এর আগে পর্যন্ত পশুরা এ ধরনের ভাইরাসে আক্রান্ত হতে পারে বলে ধারণাই করা হতো না।
২০২২ সাল থেকে স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে বার্ড ফ্লু ভাইরাসের প্রাদুর্ভাবের সংখ্যা বেড়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, এরপর থেকে এই রোগের সংক্রমণ প্রতিহত করতে পোলট্রি খামারগুলোতে ১০০ মিলিয়নেরও বেশি পাখি হত্যা করা হয়েছে।