২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নামে ভুয়া আইনি নোটিশ, আইএসপিআরের সতর্কবার্তা

শেয়ার করুন
ছবি : সংগৃহীত

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে একটি প্রতারক চক্র দেশের বিভিন্ন জেলার মানুষকে মিথ্যা ও ভুয়া আইনি নোটিশ দিয়ে হয়রানি করছে। এসব নোটিশে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে জেল-জরিমানা ও শাস্তির ভয়ভীতি দেখানো হচ্ছে।

বুধবার (২০ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল-করিম শাম্মীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ‘আইন নিয়ন্ত্রণ বিভাগ’ বা ‘ক্রাইম ইউনিট সেল’ নামে কোনো বিভাগ, শাখা বা সেল নেই। এছাড়া মন্ত্রণালয় এ ধরনের কোনো কার্যক্রমও পরিচালনা করে না।

আইএসপিআর জানায়, বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে ইতোমধ্যে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে প্রতারক চক্রের এ ধরনের অপতৎপরতায় বিভ্রান্ত না হওয়া এবং কোনো ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন