ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ট্রলিতে ফেলে যাওয়া অজ্ঞাত তরুণীর পরিচয় মিলেছে। নিহতের নাম রাশেদা আক্তার (২২), তিনি মাগুরা সদর উপজেলার পুখুরিয়া গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের মেয়ে। ১৬ দিন আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন নিয়ে তিনি ঢাকায় বোনের বাসায় এসেছিলেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে মর্গে গিয়ে তার বড় বোন ও দুলাভাই মরদেহটি শনাক্ত করেন।
পরিবারের অভিযোগ, গ্রামের প্রতিবেশী নয়ন ইসলাম নামের এক যুবক রাশেদাকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করত এবং সেই শ্বাসরোধ করে তাকে হত্যা করেছে। গত শনিবার রাত থেকে রাশেদা নিখোঁজ ছিলেন এবং তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। হাসপাতাল সূত্র জানায়, ২২ ডিসেম্বর রাতে এক যুবক জরুরি বিভাগের সামনে ট্রলিতে মরদেহটি রেখে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, নিহতের থুতনিতে আঘাতের চিহ্ন রয়েছে। মিরপুর মডেল থানার ওসি জানিয়েছেন, অভিযুক্ত নয়নকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
সিএনআই/২৫