জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ২৮ জন ছাত্র-জনতাকে হত্যার দায়ে অভিযুক্ত বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ আজ। বুধবার (২৪ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেবেন।
মামলার বিবরণ অনুযায়ী, অভিযুক্তদের মধ্যে রেদোয়ানুল ইসলাম ও মেজর মো. রাফাত বিন আলম বর্তমানে কারাগারে রয়েছেন। অন্যদিকে, ডিএমপির সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান পলাতক। প্রসিকিউশন পক্ষ আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিচার শুরুর আবেদন জানিয়েছে, অন্যদিকে আসামিপক্ষ থেকে অব্যাহতির আবেদন করা হয়েছে। উল্লেখ্য, গত ২২ অক্টোবর সেনা হেফাজতে থাকা রেদোয়ান ও রাফাতকে ট্রাইব্যুনালে হাজির করা হলে তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। ভিডিও ফুটেজ ও তদন্ত প্রতিবেদন অনুযায়ী, রামপুরায় আন্দোলনকারীদের ওপর সরাসরি গুলি বর্ষণ ও হত্যাযজ্ঞে নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে এই কর্মকর্তাদের বিরুদ্ধে।
সিএনআই/২৫