
জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে যুক্ত হতে যাচ্ছে ইনস্টাগ্রামের মতো একটি নতুন ও কার্যকর ফিচার। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের স্ট্যাটাস অসম্পূর্ণ অবস্থায় ড্রাফট হিসেবে সংরক্ষণ করতে পারবেন এবং পরে সুবিধামতো তা সম্পাদনা করে প্রকাশ করতে পারবেন।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডাব্লিউএবেটাইনফো (WABetaInfo)–এর প্রতিবেদনে জানানো হয়েছে, নতুন এই ড্রাফট স্ট্যাটাস ফিচারটি বর্তমানে হোয়াটসঅ্যাপের বিটা সংস্করণে সীমিতসংখ্যক ব্যবহারকারীর জন্য পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।
এই ফিচার ব্যবহার করে টেক্সট, ছবি, স্টিকার বা অন্যান্য উপাদান দিয়ে তৈরি স্ট্যাটাস অসম্পূর্ণ থাকলেও তা সেভ করে রাখা যাবে। ফলে হঠাৎ কাজের ব্যস্ততা বা অন্য কোনো কারণে স্ট্যাটাস প্রকাশ করতে না পারলেও পরে আবার ফিরে এসে সহজেই তা শেষ করা সম্ভব হবে।
এর আগে হোয়াটসঅ্যাপ চ্যাটের ক্ষেত্রে ড্রাফট সেভ করার সুবিধা চালু করেছিল, যেখানে অসম্পূর্ণ বার্তাগুলো আলাদা করে চিহ্নিত থাকে। নতুন স্ট্যাটাস ড্রাফট ফিচারটি সেই অভিজ্ঞতাকে আরও এক ধাপ এগিয়ে নেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, স্ট্যাটাস এডিটরের মধ্যেই একটি আলাদা ড্রাফট সেকশন যুক্ত করা হচ্ছে। পাশাপাশি একটি নতুন ‘সেভ’ বাটন থাকবে, যেখানে ক্লিক করলেই ব্যবহারকারীর অসম্পূর্ণ স্ট্যাটাস স্বয়ংক্রিয়ভাবে ড্রাফট হিসেবে সংরক্ষিত হবে।
তবে ফিচারটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে থাকায় কবে নাগাদ এটি সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে—সে বিষয়ে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
সিএনআই/২৫