২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার
৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ে ও বিচ্ছেদ নিয়ে গুঞ্জনে মুখ খুললেন অভিনেত্রী বিন্দু

শেয়ার করুন


দেশের জনপ্রিয় অভিনেত্রী আফসান আরা বিন্দু দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে থাকায় তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। অবশেষে নিজের বৈবাহিক অবস্থা নিয়ে স্পষ্ট বক্তব্য দিলেন তিনি।

সম্প্রতি একটি দেশীয় গণমাধ্যমের পডকাস্টে অংশ নিয়ে বিন্দু জানান, তিনি বর্তমানে বিবাহিত নন। দাম্পত্য জীবন নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, তার বিবাহবিচ্ছেদ হয়েছে ২০২২ সালে। তবে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু না জানানোয় অনেকেই এখনো তাকে বিবাহিত বলে মনে করছেন বলে মন্তব্য করেন তিনি।

বিন্দু জানান, তাদের সংসারজীবন খুব দীর্ঘ ছিল না। ২০১৭ সাল থেকেই তারা আলাদা থাকছিলেন এবং দীর্ঘ সময় বিচ্ছিন্ন অবস্থায় থাকার পর আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়। বিচ্ছেদের কারণ জানতে চাইলে তিনি তা প্রকাশ করতে অনিচ্ছা জানান। তার ভাষায়, বিষয়টি অন্য একজন মানুষের জীবনের সঙ্গে জড়িত, তাই সম্মানের জায়গা থেকেই তিনি এ নিয়ে কথা বলতে চান না।

অভিনয় থেকে সরে যাওয়ার বিষয়ে অভিনেত্রী বলেন, এতে কোনো চাপ বা বাধ্যবাধকতা ছিল না। সংসারে সময় দেওয়ার জন্য নিজের ইচ্ছাতেই তিনি কাজ কমিয়ে দেন। একজন সাধারণ মানুষের মতো পারিবারিক জীবন উপভোগ করার আকাঙ্ক্ষা থেকেই সে সময় এমন সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান তিনি।

২০১৪ সালের অক্টোবরে বিয়ের পর আনুষ্ঠানিকভাবে মিডিয়া থেকে দূরে সরে যান বিন্দু। দীর্ঘ বিরতির পর ২০১৯ সালে একটি ম্যারাথনে অংশ নিতে দেখা গেলেও অভিনয়ে নিয়মিত ফেরেননি। এরপর ২০২২ সালে আরিফিন শুভর সঙ্গে ‘উনিশ২০’ সিনেমায় অভিনয় করলেও পরবর্তীতে আর কোনো নতুন কাজে তাকে দেখা যায়নি।

উল্লেখ্য, ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হওয়ার মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু করেন আফসান আরা বিন্দু। নাটক ও সিনেমায় প্রশংসিত কাজের পাশাপাশি ‘দারুচিনি দ্বীপ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার।

সিএনআই/২৫

শেয়ার করুন