
সংযুক্ত আরব আমিরাতের আকাশে দেখা গেছে হিজরি বর্ষপঞ্জির সপ্তম মাস রজবের চাঁদ। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মাহে রমজানের ক্ষণগণনা শুরু হলো। আবুধাবির কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, রবিবার থেকে রজব মাস গণনা শুরু হবে।
রজব মাস মুসলিমদের জন্য আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ। এটি রমজানের প্রস্তুতির সূচনা হিসেবে গণ্য হয়। রজবের পরে শা‘বান মাস আসে, এরপর মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের মাস রমজান। জ্যোতির্বিদ্যাগত হিসাব অনুযায়ী, যদি রজব ও শা‘বান ২৯-৩০ দিন পূর্ণ করে, তবে রমজান আনুমানিক ৬০-৬১ দিনের মধ্যে শুরু হতে পারে। তবে নির্দিষ্ট শুরুর দিন নির্ভর করবে সংশ্লিষ্ট দেশের ধর্মীয় কর্তৃপক্ষের চাঁদ দেখা ঘোষণার ওপর।
আবুধাবিতে রজবের চাঁদ দেখা কেবল ধর্মীয় নয়, বৈজ্ঞানিকভাবে ও নথিভুক্তও করা হয়েছে। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের আল খাতিম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরিতে ২০ ডিসেম্বর বিকাল ৪টা ৩০ মিনিটে ১৪৪৭ হিজরির রজব মাসের দিনের চাঁদ (ডে-টাইম ক্রিসেন্ট) ছবি ধারণ করা হয়। চাঁদ তখন সূর্য থেকে প্রায় ৬.৭ ডিগ্রি দূরত্বে অবস্থান করছিল।
পর্যবেক্ষণটি সম্পন্ন করেন ওসামা ঘান্নাম, আনাস মোহাম্মদ, খালাফান আল নাঈমি ও মোহাম্মদ আওদা। তাদের যৌথ প্রচেষ্টায় রজবের চাঁদ বৈজ্ঞানিকভাবে নথিভুক্ত করা সম্ভব হয়েছে।
সিএনআই/২৫