২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফিনল্যান্ডে বাংলাদেশি ডক্টরেটস প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ

শেয়ার করুন


ফিনল্যান্ডে বসবাসরত বাংলাদেশি পিএইচডি গবেষক ও উচ্চশিক্ষিতদের সমন্বয়ে গঠিত ‘বাংলাদেশ ডক্টরেটস প্ল্যাটফর্ম ইন ফিনল্যান্ড (BDPF)’ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। রোববার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত পরিচিতি সংবাদ সম্মেলনে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম উপস্থাপন করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, BDPF একটি অরাজনৈতিক, অলাভজনক ও জ্ঞানভিত্তিক প্ল্যাটফর্ম। এর মূল লক্ষ্য প্রবাসী বাংলাদেশি গবেষক ও উচ্চশিক্ষিতদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাকে দেশের সার্বিক উন্নয়নে কাজে লাগানো। ফিনল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশে কর্মরত গবেষক ও বিশেষজ্ঞদের কার্যকর নেটওয়ার্ক গড়ে তোলাও সংগঠনের অন্যতম উদ্দেশ্য।

সংগঠনের নেতারা বলেন, শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও নীতিনির্ধারণে প্রবাসী গবেষকদের অবদান বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় এবং গবেষণা সংস্থার সঙ্গে সমন্বয় করে BDPF জ্ঞানভিত্তিক সহযোগিতা জোরদার করতে চায়। প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার, নীতিপত্র প্রণয়ন ও পরামর্শমূলক কার্যক্রমের মাধ্যমে দেশের মানবসম্পদ উন্নয়নে ভূমিকা রাখার পরিকল্পনা রয়েছে।

সংবাদ সম্মেলনে বিশেষভাবে বলা হয়, BDPF কোনো ব্যক্তি বা গোষ্ঠীর রাজনৈতিক স্বার্থে কাজ করবে না। বরং শিক্ষা ও গবেষণাকে কেন্দ্র করে দীর্ঘমেয়াদি উন্নয়ন ভাবনায় বিশ্বাসী হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করাই সংগঠনের মূল অঙ্গীকার। ফিনল্যান্ডে কর্মরত বিভিন্ন খাতের বাংলাদেশি গবেষক ও অধ্যাপকরা অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তর দেন।

সিএনআই/২৫

শেয়ার করুন