
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শীতকালীন ফুলকপি ও বাঁধাকপি চাষের মৌসুম চলছে। মাঠজুড়ে সবুজের সমারোহ চোখ জুড়ে দিচ্ছে, যা কৃষকদের পরিশ্রম ও স্বপ্নের প্রতিফলন। অনুকূল আবহাওয়া ও কৃষি বিভাগের পরামর্শের কারণে এবার বাম্পার ফলনের আশা করা হচ্ছে।
উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, ২০২৫-২৬ অর্থবছরে ২৫ হেক্টর জমিতে ফুলকপি এবং ৩০ হেক্টর জমিতে বাঁধাকপি চাষ হয়েছে। হেক্টরপ্রতি ফলন যথাক্রমে ২৮ ও ৩০ মেট্রিক টন ধরা হয়েছে। অনুকূল আবহাওয়া বজায় থাকলে উৎপাদন আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
মাটিরাঙ্গার বিভিন্ন ইউনিয়নে চাষ হয়েছে ফুলকপি, বাঁধাকপি এবং অন্যান্য শীতকালীন সবজি। কৃষকরা জানিয়েছেন, সঠিক ফলন ও বাজারে ন্যায্য দাম পেলে তাদের আয়ের পরিমাণ দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ উদাহরণ হিসেবে ওয়াছু এলাকার আবু তাহের ১ একর জমিতে চাষ করে প্রায় ৩ লাখ টাকা বিক্রির আশা করছেন।
কৃষি বিশেষজ্ঞরা বলছেন, শীতকালীন কপি চাষ স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ফসল পরিচর্যা, উত্তোলন ও বাজারজাতকরণে কৃষি শ্রমিকদের কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে, ফলে এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে।
মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মো. সবুজ আলী জানান, কৃষকদের উন্নত বীজ, সুষম সার ব্যবস্থাপনা, রোগবালাই দমন ও নিয়মিত পরামর্শ দিয়ে সহায়তা করা হচ্ছে। আবহাওয়া অনুকূল থাকায় ফলন আশাব্যঞ্জক, যা কৃষকদের অর্থনৈতিক অবস্থার উন্নতিতে সহায়তা করবে।
সিএনআই/২৫