
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় গারো পাহাড় সংলগ্ন সীমান্ত সড়কের পাশে জঙ্গল থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৯ নভেম্বর) সকালে বনরাণী এলাকার এক স্থানীয় নারী মরদেহটি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। প্রাথমিক তথ্যে জানা গেছে, নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। মরদেহ উদ্ধারের সময় তার গলায় গামছা প্যাঁচানো অবস্থায় পাওয়া যায়, যা দেখে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মুখমণ্ডল বিবর্ণ হওয়ায় পরিচয় নিশ্চিত করা যায়নি।
ঘটনাস্থল থেকে একটি স্যামসাং বাটন ফোন, বাংলালিংক কোম্পানির দুটি সিম কার্ড এবং একটি চশমা উদ্ধার করা হয়। পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম ও ঝিনাইগাতী থানার ওসি মো. আল-আমীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি মো. আল-আমীন জানান, অজ্ঞাত নারীকে ২-৩ দিন আগে হত্যা করে জঙ্গলে ফেলে রাখা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার করা মোবাইল ফোন সক্রিয় করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিএনআই/২৫