২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক টানে সমুদ্রে ২০০ মণ ইলিশ, জেলেদের মুখে হাসি

শেয়ার করুন

বঙ্গোপসাগরে এক টানেই ২০০ মণ ইলিশে ভরে উঠেছে এফবি রাইসা নামের একটি মাছ ধরার ট্রলার। ধরা পড়া এসব ইলিশ বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে মণপ্রতি ২৬ হাজার টাকা দরে মোট ৫২ লাখ টাকায় বিক্রি করা হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) সকালে বিএফডিসির সাইফ ফিশ আড়তে মাছগুলো তোলা হয়। জানা যায়, গত ১৭ নভেম্বর কুয়াকাটা থেকে ৭০ কিলোমিটার গভীর সমুদ্রে জাল ফেলে একই বার টানে প্রায় ১৮ হাজার ইলিশ উঠে আসে।

এফবি রাইসা ট্রলারটি ১৪ নভেম্বর পাথরঘাটা থেকে ১৭ জন জেলেকে নিয়ে সাগরে যায়। প্রথম তিন-চার দিনে মাত্র ৪০০টি মাছ পেলেও ১৭ নভেম্বর বিকেলে জাল ফেলতেই একসঙ্গে বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ে। এসব মাছের ওজন ৩০০ থেকে ৪০০ গ্রামের মধ্যে।

ট্রলারের মাঝি মাসুদ বলেন, “দীর্ঘদিন মাছ না পেয়ে খুব কষ্টে সময় কাটছিল। কিন্তু হঠাৎ এভাবে এক টানে এত ইলিশ পাওয়ায় আমরা আনন্দিত।”

ট্রলারের মালিক রুবেল জানান, সাগরে অনেকদিন ধরেই কম মাছ ধরা পড়ছিল, ফলে লোকসান গুনতে হচ্ছিল। এবার পাওয়া মাছ বিক্রির টাকা দিয়ে সেই ক্ষতি কিছুটা পূরণ হবে।

আড়তদার মোস্তফা আলম বলেন, “আমার আড়তে মাছগুলো বিক্রি হয়েছে। কিছুদিন আগে আরেকটি ট্রলার ১৫০ মণ মাছ তুলেছিল। জেলেরা মাছ পাচ্ছে—এটি খুবই সুখবর।”

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, “দীর্ঘদিন কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ পাওয়া যাচ্ছিল না। এক ট্রলারে ২০০ মণ ইলিশ ধরা পড়ায় আমরা খুবই খুশি।”

সিএনআই/২৫

শেয়ার করুন