২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তেঁতুলিয়ায় নেমেছে ১৪ ডিগ্রি, শীত বাড়ছে দেশে

শেয়ার করুন

হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কয়েক দিন ধরে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে। ক্রমেই বাড়ছে শীতের আমেজ; সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত শীত অনুভূতি আরও তীব্র হচ্ছে।

বুধবার (১৯ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিস ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে। এর আগের দিন মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি। প্রতিদিন রাতভর হালকা কুয়াশায় ঢেকে থাকে পুরো এলাকা। তবে সূর্য ওঠার পর ধীরে ধীরে কমে আসে শীতের তীব্রতা। দিনের বেলায় ৩০ থেকে ৩১ ডিগ্রি তাপমাত্রার কারণে গরম অনুভূত হয়।

দিনে গরম আর রাতে শীতের এই ওঠানামার কারণে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রগুলোতে শীতজনিত রোগীর চাপ বাড়ছে। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন গড়ে তিন শতাধিক রোগী সর্দি, কাশি, শ্বাসকষ্টসহ বিভিন্ন সমস্যা নিয়ে চিকিৎসা নিচ্ছেন। বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে নিউমোনিয়া ও ডায়রিয়ার আক্রান্তের হার বেশি। জায়গা সংকুলান না হওয়ায় অনেক রোগীকে বারান্দা বা মেঝেতে থাকতে হচ্ছে।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, হিমালয়ের নিকটবর্তী হওয়ায় এ জেলায় স্বাভাবিকভাবেই শীতের প্রকোপ বেশি থাকে। গত কয়েক দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। বাতাসের আর্দ্রতা ছিল ৭২ শতাংশ। চলতি মাসের শেষের দিকে শৈত্যপ্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানান।

সিএনআই/২৫

শেয়ার করুন