
ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-১৮ আসনের মনোনয়নপ্রত্যাশী এম কফিল উদ্দিন আহমেদ জানিয়েছেন, শুধু বিএনপি করার কারণে তার নামে ১৫৪টি মামলা দায়ের হয়েছিল। এমনকি মিথ্যা অভিযোগে ১৭ বছরের কারাদণ্ডও হয়েছিল।
শনিবার (৮ নভেম্বর) রাজধানীর দক্ষিণখানে স্থানীয় বিএনপি আয়োজিত উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।
কফিল উদ্দিন বলেন, যদি তিনি ধানের শীষের মনোনয়ন পান এবং মানুষের দোয়ায় এমপি হন, তবে এলাকার রাস্তা-ঘাট সংস্কার থেকে শুরু করে বিধবা, বয়স্ক ও বেকারদের ভাতার কার্ডসহ মানুষের মৌলিক চাহিদা পূরণে কাজ করবেন।
তিনি আরও জানান, আওয়ামী লীগের শাসনামলে সাধারণ মানুষ ভয়ভীতি ও নিপীড়নের মধ্যে দিন কাটাতেন, মসজিদের খতিবরাও মুক্তভাবে কথা বলতে পারতেন না। অন্যায়ের প্রতিবাদ করলে গুম, খুন ও নির্যাতনের শিকার হতে হতো।
কফিল উদ্দিন উল্লেখ করেন, বিএনপি হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গঠিত একটি গণতান্ত্রিক দল, যেখানে কোনো বিশৃঙ্খলা বা দুঃশাসন নেই।
উঠান বৈঠকে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতনসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভবিষ্যৎ রাষ্ট্র সংস্কারের দিকনির্দেশনা তুলে ধরেন। বৈঠক শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন জোরদার এবং আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার অঙ্গীকার করেন।
সিএনআই/২৫