২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পটিয়ায় স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে বাসচাপায় প্রাণ গেল ফজিলাতুন্নেছার

শেয়ার করুন

 

মো.রাশেদুল্লাহ আলমদার
পটিয়া প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়ায় স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসচাপায় ফজিলাতুন্নেছা (২৮) নামের এক নারী নিহত হয়েছেন। তিনি মাগুরা জেলার মেহেরপুর গ্রামের আলীমুজ্জামান সুমনের স্ত্রী।
এ দুর্ঘটনায় তার স্বামী আলীমুজ্জামান (৩০) ও ছয় বছরের পুত্র হুমায়ের হাম্মাদ আহত হয়েছেন।

সোমবার সকাল পৌনে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের পটিয়া উপজেলার নয়াহাট জামে মসজিদের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। আহতরা পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

হাইওয়ে পুলিশ জানায়, নিহতের স্বামী আলীমুজ্জামান খুলনা বিদ্যুৎ অফিসে কর্মরত। স্ত্রী ও সন্তানকে নিয়ে রবিবার সকালে খুলনা থেকে রওনা দেন। রাতে চট্টগ্রাম শহরের এক আত্মীয়ের বাসায় অবস্থান করে সোমবার সকালে বান্দরবানের উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা হন।

মোটরসাইকেলটি পটিয়ার বাদামতল এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি মিনি বাস হঠাৎ ব্রেক করলে তারা ভারসাম্য হারিয়ে ফেলেন। এ সময় মোটরসাইকেল থেকে ফজিলাতুন্নেছা রাস্তায় পড়ে গেলে লন্ডন এক্সপ্রেস পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. ওয়াসিম বলেন, “মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক নারী ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যায়। মহিলাকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ফজিলাতুন্নেছা স্বামী ও পুত্রকে নিয়ে ভ্রমণের উদ্দেশ্যে বান্দরবান যাচ্ছিলেন বলে জানা গেছে।

সিএনআই/২৫

শেয়ার করুন