২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বন্ধের ঘোষণা ট্রাম্পের

শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও কানাডা নতুন করে বাণিজ্য আলোচনায় বসবে না বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, কানাডায় প্রচারিত একটি রাজনৈতিক বিজ্ঞাপনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের বক্তব্য ব্যবহারের জেরে এ সিদ্ধান্ত নেন তিনি।

ট্রাম্প বলেন, “আমি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে পছন্দ করি, কিন্তু তারা যা করেছে তা ভুল। বিজ্ঞাপনটি ভুয়া ছিল বলে তিনি ক্ষমা চেয়েছেন, তবে আমরা এখন আলোচনায় ফিরব না।”

গত সপ্তাহে ওই বিজ্ঞাপনকে কেন্দ্র করে ট্রাম্প কানাডার সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা বাতিল করেন এবং কানাডার পণ্যে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন।

অন্টারিও প্রদেশ সরকারের তৈরি ওই বিজ্ঞাপনে রিগানের পুরোনো ভাষণ ব্যবহার করে বলা হয়, বিদেশি পণ্যে শুল্ক আরোপ কর্মসংস্থান নষ্ট করে এবং বাণিজ্যযুদ্ধ সৃষ্টি করে। বিতর্কের জেরে অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড বিজ্ঞাপনটি স্থগিত করেন।

এদিকে প্রধানমন্ত্রী কার্নি জানিয়েছেন, কানাডা এখনো আলোচনায় ফিরতে প্রস্তুত। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র কানাডার সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার—দেশটির মোট রপ্তানির প্রায় ৭৫ শতাংশই যায় যুক্তরাষ্ট্রে। তবে ট্রাম্প প্রশাসনের নতুন শুল্কনীতি দুই দেশের সম্পর্কে নতুন করে টানাপোড়েন সৃষ্টি করেছে।
সিএনআই/২৫

শেয়ার করুন