২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনী ট্রেনে উঠছে এনসিপি, নভেম্বরে ১০০ প্রার্থী ঘোষণা

শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি নভেম্বরের মধ্যে অন্তত ১০০ আসনে প্রার্থী ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছে।

প্রথমদিকে এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা দিলেও এখন জোটগত অংশগ্রহণের দিকেই ঝুঁকছে এনসিপি। দলটির নীতিনির্ধারণী পর্যায়ে বর্তমানে বিএনপি, জামায়াত ও তৃতীয় বিকল্প জোট—এই তিনটি সমীকরণ নিয়ে আলোচনা চলছে।

এনসিপির একাধিক নেতা জানিয়েছেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপির সঙ্গে জোট বা আসন সমঝোতা তাদের কাছে সবচেয়ে সম্ভাব্য বিকল্প। পর্দার আড়ালে আসন ভাগাভাগি নিয়ে আলোচনাও চলছে বলে সূত্র জানিয়েছে।

দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, “আগামী নির্বাচনে এনসিপি জোটগতভাবে বা সমঝোতার ভিত্তিতে নির্বাচন করবে। নভেম্বরের শুরুতেই প্রার্থী ঘোষণার প্রক্রিয়া শুরু হবে।”

এনসিপি সূত্রে জানা যায়, ঢাকা, কুমিল্লা, পঞ্চগড়, নোয়াখালী ও রংপুরসহ কয়েকটি আসনে শীর্ষ নেতাদের প্রার্থীতা প্রায় নিশ্চিত। দলটি ইতিমধ্যে জেলাভিত্তিক সাংগঠনিক সমন্বয় সভা করছে এবং ডিসেম্বরের মধ্যে সারাদেশে কমিটি গঠনের লক্ষ্য নিয়েছে।

নির্বাচনের আগে এনসিপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ‘শাপলা’ প্রতীক পাওয়া। নির্বাচন কমিশন এখনো প্রতীকটি অনুমোদন না করায় দলটি শাপলা প্রতীকের পক্ষে অনড় অবস্থানে রয়েছে।

দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “ইসিকে আমরা স্পষ্ট জানিয়েছি—শাপলা প্রতীক না পেলে এনসিপির নিবন্ধন নেব না।”

অন্যদিকে, অন্তর্বর্তীকালীন সরকারের নতুন বিধান অনুযায়ী জোটে থাকলেও প্রতিটি দলকে নিজস্ব প্রতীকে নির্বাচনে অংশ নিতে হবে—যা এনসিপির কাছে ইতিবাচক হিসেবে বিবেচিত হচ্ছে।

দলটির নেতারা আশা করছেন, ডিসেম্বরে এনসিপি দেশের অন্যতম শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে নির্বাচনী মাঠে নিজেদের উপস্থিতি জানান দিতে পারবে।

সিএনআই/২৫

শেয়ার করুন