
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে প্রমাণ এতই শক্তিশালী যে, পৃথিবীর যেকোনো আদালত তাকে সর্বোচ্চ শাস্তি দিতে পারে। তিনি উল্লেখ করেন, অভিযোগ প্রমাণ না করলে শহীদ ও আহতদের প্রতি অন্যায় হবে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শেখ হাসিনা ও তার সহযোগী আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তির দাবি করেন। তিনি বলেন, শেখ হাসিনা পলাতক থেকে দেশে গৃহযুদ্ধ বাঁধানোর চেষ্টা করছেন, তবে দেশপ্রেমিক সেনাবাহিনী সেই ফাঁদে পড়েনি।
এই মামলাটি ছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুটি মামলায় বিচার চলছে। একটির অভিযোগ আওয়ামী লীগের শাসনামলে গুম-খুন, অন্যটি শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ড।
বৃহস্পতিবারের মধ্যে মামলার সব যুক্তিতর্ক শেষ হয়েছে। ১৩ নভেম্বর রায়ের তারিখ ঘোষণা করবে ট্রাইব্যুনাল।
এই মামলায় শেখ হাসিনা ছাড়া অন্য আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
সিএনআই/২৫