২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের সড়ক অবরোধ অটোরিকশা বন্ধসহ নিরাপদ সড়কের দাবিতে

শেয়ার করুন


রাজধানীতে বিপজ্জনকভাবে চলাচল করা অটোরিকশা বন্ধসহ নিরাপদ সড়কের দাবিতে ফার্মগেটে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে আশপাশের এলাকা জুড়ে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট দেখা দিয়েছে। এ সময় তারা ৫ দফা দাবি জানান।

‎বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১২টায় তেজগাঁও কলেজ, হলিক্রস কলেজ ও বিজ্ঞান কলেজসহ আশপাশের কলেজের শিক্ষার্থীরা ফার্মগেট মোড়ে অবরোধ শুরু করেন।

‎সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে রাস্তা অবরোধ করেছে। আমরা তাদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলছি।

‎এ সময় শিক্ষার্থীরা জানান, গত দুই দিন আগে ফার্মগেট এলাকায় ট্রাকচাপায় সিফাত নামের এক যুবক নিহত হয়েছেন। এরপরও আমাদের সড়কে অবাধে ট্রাক, বাস দ্রুতগতিতে চলাচল করে। পাশাপাশি, ফার্মগেট এলাকায় অটোরিকশার জন্য চলাফেরা করা যায় না। কয়েক শ’ অটোরিকশা দ্রুতগতিতে অবাধে চলাচল করছে। এদের বন্ধ করতে সরকার কোনো উদ্যোগ নিচ্ছে না।

‎শিক্ষার্থীদের পাঁচ দাবিগুলো হলো—

‎১. সিফাত হত্যার বিচার করতে হবে এবং আন্দোলনরত শিক্ষার্থীদের সন্ত্রাসী ট্যাগ দেওয়ায় প্রশাসনকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

‎২. ফুটপাত থেকে সব অবৈধ দোকান, অস্থায়ী স্থাপনা, অননুমোদিত বাজার ও ভবঘুরে স্থায়ীভাবে উচ্ছেদ করতে হবে।

৩. নো পার্কিং জোন কঠোরভাবে ঘোষণা করতে হবে।

‎৪. দুর্ঘটনা এবং যানজট এড়াতে রেল-ক্রসিং থেকে গির্জা পর্যন্ত এই রোডে অটোরিকশা, ট্রাকসহ ভারী যানবাহন প্রবেশ নিষিদ্ধ করতে হবে।

‎৫. শিক্ষাপ্রতিষ্ঠানের সন্নিকটে ৩টি স্পিডব্রেকার, সড়কে পর্যাপ্ত ল্যাম্পপোস্ট, লেন ডিভাইডার এবং ট্রাফিক আইল্যান্ড স্থাপন করতে হবে।

শেয়ার করুন