২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আত্মসমর্পণকারী সেনা কর্মকর্তারা নির্দোষ: আইনজীবী

শেয়ার করুন

মানবতাবিরোধী অপরাধের মামলায় আত্মসমর্পণ করা ১৫ সেনা কর্মকর্তা নির্দোষ বলে দাবি করেছেন তাঁদের আইনজীবী এম সরোয়ার হোসেন। তিনি বলেন, প্রকৃত অপরাধীরা ভারতে পালিয়ে গেছেন।

বুধবার (২২ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। শুনানি শেষে আদালত এই কর্মকর্তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিলে তাঁদের ঢাকা সেনানিবাসের সাবজেলে নিয়ে যাওয়া হয়।

আইনজীবী সরোয়ার হোসেন বলেন, “এই ১৫ অফিসার আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। তাঁরা সিনিয়র ও অভিজ্ঞ কর্মকর্তা, অনেকে আন্তর্জাতিক মিশনেও কাজ করেছেন। তাঁরা বিশ্বাস করেন, আদালতের মাধ্যমে ন্যায়বিচার পাবেন।”

তিনি আরও বলেন, “প্রসিকিউশন যেভাবে বলছে তাঁরা গ্রেপ্তার হয়েছেন, তা সঠিক নয়। তাঁরা স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন, সেনা সদরও জানিয়েছিল তাঁরা আর্মি হেফাজতে আছেন।”

এই কর্মকর্তারা হলেন—মেজর জেনারেল শেখ মো. সরোয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, তোফায়েল মোস্তফা সারোয়ার, কামরুল হাসান, মাহাবুব আলম, মাহবুবুর রহমান সিদ্দিকী, আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী, কে. এম. আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, আনোয়ার লতিফ খান, লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান, সাইফুল ইসলাম সুমন, সারওয়ার বিন কাশেম, রেদোয়ানুল ইসলাম ও মেজর রাফাত-বিন-আলম।

সরোয়ার হোসেন বলেন, “আসামিরা আত্মবিশ্বাসী এবং নির্দোষ। সত্যিকারের অপরাধীরা—জেনারেল কবির, জেনারেল আকবর, জেনারেল তারিক সিদ্দিকী ও জেনারেল মুজিব—ভারতে পালিয়ে গেছেন।”

এই মামলাগুলোয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক পুলিশপ্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনও আসামি। আইনজীবী জানান, সাবেক আইজিপি মামুন আদালতে বলেছেন, সব কিছুই শেখ হাসিনা ও আসাদুজ্জামানের নির্দেশে হয়েছে।

সিএনআই/২৫

শেয়ার করুন