
আওয়ামী লীগ সরকারের দেড় দশকের শাসনামলে সংঘটিত গুম-খুনসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় হেফাজতে থাকা ১৫ জন সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার (২২ অক্টোবর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই নির্দেশ দেন। অপর দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
সকাল থেকে ট্রাইব্যুনাল এলাকা ঘিরে বিজিবি, র্যাব ও পুলিশের কড়া নিরাপত্তা ছিল। অভিযুক্ত সেনা কর্মকর্তাদের একটি প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয়।
প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ট্রাইব্যুনালের নির্দেশে ১৫ কর্মকর্তাকে কারাগারে পাঠানো হয়েছে। কোন কারাগারে তাঁদের রাখা হবে, তা সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কারা কর্তৃপক্ষ নির্ধারণ করবে।
এদিন ট্রাইব্যুনাল ২৫ জন বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তাসহ মোট ৩২ জন অভিযুক্তের তিনটি মামলার অগ্রগতি পর্যালোচনা করে।
কারাগারে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসানসহ আরও অনেকে।
সেনা কর্মকর্তাদের হাজিরাকে কেন্দ্র করে কাকরাইল, পল্টন, মৎস্য ভবন ও হাইকোর্ট এলাকা জুড়ে ছিল কঠোর নিরাপত্তা। পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হয়।
সিএনআই/২৫