২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষকরা শনিবারও ক্লাস নিয়ে ক্ষতি পুষবেন

শেয়ার করুন

 এমপিওভুক্ত শিক্ষকরা তিন দফা দাবির জন্য টানা ৮ দিন আন্দোলন চালানোর পর আজ মঙ্গলবার সরকারের আংশিক সমাধান মেনে নেন। এর ফলে শিক্ষকরা আন্দোলন স্থগিত করে বুধবার থেকে ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছেন। তবে ক্লাসে বিরতি নেওয়ার কারণে যে সময় ক্ষতিগ্রস্ত হয়েছে, তা পুষতে বার্ষিক পরীক্ষার আগে প্রতি শনিবার ক্লাস নেবেন শিক্ষকরা।

জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজী শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে বলেন, “আমাদের মন ও প্রাণ সবসময় ক্লাসের মধ্যেই থাকে। যৌক্তিক আন্দোলনের কারণে আমরা কয়েকদিন ক্লাসে সময় দিতে পারিনি। তাই বার্ষিক পরীক্ষার আগে সব শনিবার ক্লাস নেওয়া হবে।”

এর আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বাড়িভাড়া ২০% বৃদ্ধি, কর্মচারীদের উৎসব ভাতা ৭৫% এবং চিকিৎসা ভাতা ১৫০০ টাকা করার দাবিতে ১২ অক্টোবর থেকে আন্দোলন শুরু করেন। আন্দোলনে শিক্ষকরা জাতীয় প্রেসক্লাব ও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান, সচিবালয় অভিমুখে মিছিল ও শাহবাগ মোড় অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন।

টানা ৮ দিন আন্দোলনের পর সরকার বাড়িভাড়া দুই ধাপে ১৫% বৃদ্ধির সিদ্ধান্ত নেয়। অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোছা. শরিফুন্নেসা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনা করে ১ নভেম্বর, ২০২৫ থেকে মূল বেতনের ৭.৫% (সর্বনিম্ন ২০০০ টাকা) এবং ১ জুলাই, ২০২৬ থেকে আরও ৭.৫% বৃদ্ধির মাধ্যমে মোট ১৫% বাড়িভাড়া প্রদান করা হবে।

সিএনআই/২৫

শেয়ার করুন