২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তনের আপিল শুনানি শুরু

শেয়ার করুন

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মঙ্গলবার (২১ অক্টোবর) তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে পুনরায় আপিলের শুনানি শুরু করেছে।

সকাল ৯টা ৩৭ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়। আবেদনের পক্ষে আইনজীবী ড. শরীফ ভূঁইয়া, এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান যুক্ত হন।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে ১৯৯৬ সালে। এরপর ১৯৯৮ সালে এই ব্যবস্থার বৈধতা চ্যালেঞ্জ করে তিনজন আইনজীবী হাইকোর্টে রিট দায়ের করেন। ২০০৪ সালে হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকার বৈধ ঘোষণা করে।

২০০৫ সালে ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল হয়। মামলাটিতে আদালত আটজন অ্যামিকাস কিউরি নিয়োগ করে তাদের মতামত শোনে। এর মধ্যে পাঁচজন পক্ষে এবং একজন বাতিলের পক্ষে মত দেন, বাকি দুইজন সংস্কারের প্রয়োজনীয়তার প্রস্তাব রাখেন।

পরবর্তীতে ২০১১ সালের ১০ মে আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে। এরপর ৩০ জুন পঞ্চদশ সংশোধনী পাস হয় এবং ৩ জুলাই গেজেট প্রকাশিত হয়। এই পরিবর্তনের মধ্য দিয়ে পরবর্তী তিনটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।

তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তনের বিষয়ে আপিলের শুনানি চলমান রয়েছে, যা রাজনৈতিক ও বিচারিক ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করছে।

সিএনআই/২৫

শেয়ার করুন