
জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল ও ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরকসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। তবে রাতের অন্ধকার ও গভীর জঙ্গলের সুযোগে পালিয়ে গেছে চোরাকারবারিরা।
বৃহস্পতিবার (২৫ জুন) ভোররাতে বড়লেখা উপজেলার বড়লেখা সদর ইউনিয়নের সীমান্তবর্তী মিশন এলাকায় এ অভিযান চালায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে- ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি পাওয়ারজেল নাইনটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক (২৩টি টিউব), ২৪টি ডেটোনেটর, ১৫ মিটার ডেটোনেটর তৈরির তার এবং ২টি কুকরি চাপাতি।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বড়লেখা সীমান্ত দিয়ে অস্ত্র ও বিস্ফোরকের একটি বড় চালান বাংলাদেশে ঢুকবে। এই তথ্যে বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে বিওসিটিলা বিওপির একটি আভিযানিক দল সীমান্তবর্তী মিশন এলাকায় অবস্থান নেয়।
রাত সাড়ে ৩টার দিকে কয়েকজন দুষ্কৃতকারীকে দেখে চ্যালেঞ্জ করা হলে তারা রাতের অন্ধকার ও গভীর জঙ্গলের সুযোগ নিয়ে পালিয়ে যায়। পরে ব্যাপক তল্লাশি চালিয়ে সীমান্ত পিলার ১৩৮৫/এম থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মিশন এলাকা থেকে এসব অস্ত্র ও বিস্ফোরক পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
৫২ বিজিবির অধিনায়ক জানান, সীমান্তে যেকোনো ধরনের চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার রোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। জব্দকৃত অস্ত্র ও বিস্ফোরক পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বড়লেখা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পলাতকদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।