২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার
১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিলের নকআউট সূচি চূড়ান্ত, খেলা কখন দেখুন এক নজরে

শেয়ার করুন

ফিফা বিশ্বকাপ ২০২৬ দিয়েই হেক্সা শিরোপা জয়ের মিশনে নেমেছে ব্রাজিল। সেই মিশনের শুরুটা অবশ্য হয়েছিল হোঁচট দিয়েই। গ্রুপ পর্বে মরক্কোর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেই ড্র করে সেলেসাওরা। আফ্রিকার দলটির বিপক্ষে সেলেসাওদের পারফর্ম্যান্সও ছিল হতাশাজনক। এ কারণে অনেকেই আশাই ছেড়ে দিয়েছিলেন। তবে প্রথম রাউন্ডের বাকি দুই ম্যাচ দিয়েই রাজসিক প্রত্যাবর্তন দেখিয়েছে কার্লো আনচেলত্তির দল। হাইতির বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ের পর আজ স্কটল্যান্ডকেও একই ব্যবধানে হারিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

টানা দুই ম্যাচে বড় ব্যবধানের জয়ে গ্রুপ ‘সি’ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। স্কটিশদের বিপক্ষে আজকের ম্যাচে জোড়া গোল করেছেন ভিনিসিয়ুস জুনিয়র, একটি গোল করেছেন মাথেউস কুনিয়া। এ নিয়ে বিশ্বকাপে টানা তিন ম্যাচে গোলের দেখা পেলেন ভিনি। সব মিলিয়ে চার গোলে গোল্ডেন বুটের দৌড়েও বেশ ভালোভাবেই আছেন ব্রাজিলের এই তারকা ফুটবলার। এদিকে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই প্রায় তিন বছর পর জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছেন নেইমার জুনিয়র যা দলটির জন্য আশাব্যঞ্জক।

এদিকে গ্রুপ ‘সি’ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করায় শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে কিছুটা নির্ভার থাকতে পারছে ব্রাজিল। শেষ বত্রিশের লড়াইয়ে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেতে চলেছে আনচেলত্তির শিষ্যরা।

গ্রুপ পর্ব দাপুটে পারফর্ম্যান্স দিয়ে শেষ করলেও শেষ বত্রিশের লড়াইয়ে নামার আগে খুব বেশি সময় পাচ্ছে না ব্রাজিল। শেষ ষোলো নিশ্চিত করার মিশনে আগামী ২৯ জুনই মাঠে নামতে হবে সেলেসাওদের। বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ম্যাচটি হবে আগামী সোমবারেই। ম্যাচটি অনুষ্ঠিত হবে টেক্সাসের হিউস্টন স্টেডিয়ামে। বাংলাদেশ সময় রাত ১১টায় মাঠে গড়াবে ম্যাচটি।

এদিকে ব্রাজিলের নকআউটের সূচি চূড়ান্ত হলেও প্রতিপক্ষ হবে কোন দল তা জানতে অপেক্ষা করতে হবে শুক্রবার পর্যন্ত। গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলোর ফলাফলের ওপর নির্ভর করবে শেষ বত্রিশে কে হবে সেলেসাওদের প্রতিপক্ষ। তবে দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল খেলবে গ্রুপ ‘এফ’ এর রানার্স-আপ দলের বিপক্ষে। সেক্ষেত্রে জাপান, নেদারল্যান্ডস কিংবা সুইডেনের যেকোনো একটি দল হতে পারে ব্রাজিলের পরবর্তী প্রতিপক্ষ।

শেয়ার করুন