
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর নবনিযুক্ত পরিচালক ডা. কাজী আহমেদ জাকীর যোগদান এবং বিদায়ী পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীনের বিদায় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুন) আইইডিসিআর অডিটোরিয়ামে এ আয়োজনে অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
অনুষ্ঠানে বিদায়ী পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীনের দীর্ঘ কর্মজীবনের অবদান ও নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ তাঁকে সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করেন নবনিযুক্ত পরিচালক ডা. কাজী আহমেদ জাকী।
নবনিযুক্ত পরিচালক তাঁর বক্তব্যে অনুষ্ঠানের আয়োজক ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আইইডিসিআর একটি দক্ষ ও নিবেদিতপ্রাণ পরিবারের নাম। সকলের সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা এবং পেশাদারিত্বের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। আমি আশা করি, আমরা সবাই মিলে জনস্বাস্থ্য সুরক্ষা, গবেষণা ও রোগ নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও শক্তিশালী করব এবং জনগণের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন ঘটাতে সক্ষম হব।”
অনুষ্ঠানে আইইডিসিআর-এর মেডিকেল অফিসার (এপিডেমিওলজি) ডা. মো. ফয়জুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন প্রশাসনিক কর্মকর্তা আমিনা আক্তার, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট কাজী মাছুম ও মোহাম্মদ আলী জিন্নাহ, মেডিকেল অফিসার ডা. মাইনুল হাসান ও ডা. জাহিদুর রহমান, সহকারী অধ্যাপক ডা. সোহেল রহমান ও ডা. মাহবুবুর রহমান, সহযোগী অধ্যাপক ডা. মোনালিসা ও ডা. শারমিন সুলতানা, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা রত্না দাস, সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুস্তাক আহমেদ এবং প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা অধ্যাপক নওশের আলম।
বিদায়ী পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন তাঁর বক্তব্যে আইইডিসিআর পরিবারের সকল কর্মকর্তা-কর্মচারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দীর্ঘ কর্মজীবনে সহকর্মীদের সহযোগিতা ও আন্তরিকতার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি প্রতিষ্ঠানের ধারাবাহিক অগ্রগতি ও সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে ডা. কাজী আহমেদ জাকী আইইডিসিআর-এর সকল সদস্যকে নিষ্ঠা, সততা ও দলগত মনোভাব নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে জনস্বাস্থ্য সুরক্ষা, গবেষণা ও রোগ নিয়ন্ত্রণ কার্যক্রমে প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিতে সবার সক্রিয় সহযোগিতা কামনা করেন।
নবনিযুক্ত ও বিদায়ী পরিচালকের প্রতি সম্মান ও শুভকামনা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।