
নতুন হিজরি বছরের শুরুতে পবিত্র কাবা শরিফে পরানো হয়েছে নতুন গিলাফ। শতাব্দীপ্রাচীন এই বার্ষিক কর্মসূচি এবারও অত্যন্ত মর্যাদা ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে।
পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববি বিষয়ক সাধারণ কর্তৃপক্ষ এবং কিং আবদুল আজিজ কমপ্লেক্সের বিশেষজ্ঞ ও প্রশিক্ষিত কারিগরদের তত্ত্বাবধানে গিলাফ পরিবর্তনের কাজ সম্পন্ন হয়। প্রথমে পুরোনো গিলাফ ও সংশ্লিষ্ট অলঙ্করণ সরিয়ে ফেলা হয়। এরপর কঠোর নিরাপত্তা ও সর্বোচ্চ মান বজায় রেখে নতুন গিলাফটি কাবা শরিফে পরানো হয়।
কাবার গিলাফ তৈরি একটি দীর্ঘ ও জটিল প্রক্রিয়া। এতে ব্যবহৃত হয় প্রায় ৮২৫ কেজি খাঁটি প্রাকৃতিক সিল্ক, ৪৭ থান কালো সিল্ক, ৪০০ কেজি তুলা, ৬০ কেজি রুপা এবং ১২ কেজি সোনাজড়ানো রুপার সুতো। গিলাফের ওপর পবিত্র কোরআনের আয়াত ও ইসলামি নকশা সূক্ষ্ম কারুকাজের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়।
গিলাফ তৈরির আগে সিল্ক ও অন্যান্য উপকরণ বিশেষ পরীক্ষাগারে পরীক্ষা করা হয়, যাতে তা এক বছরজুড়ে আবহাওয়ার বিভিন্ন প্রতিকূলতা সহ্য করতে পারে। এরপর নকশা অঙ্কন, এমব্রয়ডারি, হাতে বয়ন এবং চূড়ান্ত সংযোজনসহ মোট সাতটি ধাপে গিলাফ তৈরির কাজ সম্পন্ন হয়।
সৌদি আরব দীর্ঘদিন ধরে পবিত্র দুই মসজিদের খেদমতের অংশ হিসেবে কাবা শরিফের গিলাফ পরিবর্তনের এই দায়িত্ব পালন করে আসছে। প্রতি বছর হিজরি নববর্ষে গিলাফ পরিবর্তনের এই মহিমান্বিত দৃশ্য বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে বিশেষ আবেগ ও আগ্রহের জন্ম দেয়।