
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের রাজনগর ও শ্রীমঙ্গল উপজেলায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ৯ জুন রাতে নিজ বসতবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হন তারা। পরিবারের সদস্যরা উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের বালিসহস্র এলাকার বাসিন্দা আব্দুর রউফের ছেলে রাতুল আহমেদ ২৫। মঙ্গলবার সন্ধ্যায় বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একই দিন সন্ধ্যায় শ্রীমঙ্গল উপজেলার খাইছড়া চা বাগানের শ্রমিক বিশ্বক্ষেত ভূইয়ার ছেলে শিল্পী ভূইয়া।(৩০) নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় তাকেও মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজার মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সুপারিশক্রমে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
দুই উপজেলাতেই ঘটনার পর শোকের ছায়া নেমে আসে। রাতুল ছিলেন বাবার বড় ছেলে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন শিল্পী ভূইয়া। অকাল মৃত্যুতে পরিবার দিশেহারা।
পুলিশ ও ফায়ার সার্ভিসের তথ্য মতে, বর্ষাকালে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা বাড়ে। বৃষ্টির পানি ও আদ্রতার কারণে বৈদ্যুতিক লাইন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।