২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজার জেলা কারাগারে বন্দিদের জন্য বিশেষ আয়োজন

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি:

চার দেয়ালের ভেতরেও ঈদের খুশি থেকে বাদ যাননি মৌলভীবাজার জেলা কারাগারের কারাবন্দিরা।

বৃহস্পতিবার [২৮ মে] সকাল সাড়ে ৮টায় কারাগারে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে কারাবন্দিদের পাশাপাশি দায়িত্বরত কারারক্ষীরাও অংশ নেন। নামাজ শেষে বন্দিদের মুড়ি ও পায়েস দিয়ে ঈদের বিশেষ সকালের নাস্তা পরিবেশন করা হয়।

মৌলভীবাজার কারাগারের জেল সুপার মো. তারিকুল ইসলাম জানান, বন্দিরা যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হন, সে জন্যই এই বিশেষ আয়োজন করা হয়েছে। তারা নামাজ আদায় করেছেন, একসঙ্গে খাবার গ্রহণ করেছেন।

ঈদের আনন্দ ভাগাভাগি করতে কারাগারে আসেন বন্দিদের স্বজনরাও। প্রায় শতাধিক স্বজনকে সেমাই, মুড়ি ও বাচ্চাদের চকলেট দিয়ে বরণ করে নেয় কারা কর্তৃপক্ষ। দুপুরে বন্দিদের জন্য রাখা হয় পোলাও, গরুর রেজালা। যারা গরুর মাংস খান না এবং হিন্দু ধর্মাবলম্বীদের জন্য ছিল খাসির মাংস, মুরগির রোস্ট, মিষ্টি, সালাদ, কোমল পানীয় ও পান-সুপারি। রাতে পরিবেশন করা হয় সাদা ভাত, রুই মাছ ভাজা ও আলুর দম।

জেলার কাজী মাজহারুল ইসলাম জানান, কারা মহাপরিদর্শকের নির্দেশনায় বন্দিদের জন্য জামাতে নামাজ, বিশেষ খাবার, আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাৎ, সরকারি মোবাইলে কথা বলা এবং বাড়ি থেকে রান্না করা খাবার খাওয়ার সুযোগসহ বিভিন্ন মানবিক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

“কারাগার শুধু শাস্তির স্থান নয়, বরং সংশোধন ও মানবিক মূল্যবোধ বিকাশের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র,” বলেন তিনি। বর্তমানে মৌলভীবাজার জেলা কারাগারে ৬৬৩ জন বন্দি রয়েছেন।

এদিন বন্দি ও তাদের স্বজনদের খোঁজখবর নিতে কারাগার পরিদর্শন করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

শেয়ার করুন