১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার
৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁশখালীর শীলকূপে বিট পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেয়ার করুন

তৌহিদ-উল বারী, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নে বিট পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ মে) বিকেলে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. রবিউল হক। তিনি বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও জনগণের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত জরুরি। মাদক, কিশোর গ্যাং, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে স্থানীয় জনগণকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

ওসি রবিউল হক বলেন, কোনো অপরাধ বা সন্দেহজনক কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত পুলিশকে জানাতে হবে। জনগণের সক্রিয় সহযোগিতা থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সহজ হবে।

তিনি আরও বলেন, বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়া হচ্ছে। জনগণের আস্থা অর্জন এবং নিরাপদ সমাজ গঠনে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সভায় বক্তব্য দেন বাঁশখালী থানার অপারেশন অফিসার মো. আরিফ হোসাইন, শীলকূপ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রাশেদ নুরী, সাবেক চেয়ারম্যান মো. মহসিন, ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মো. ইউনুছ, সাবেক সদস্যসচিব হাজ্বী ইউনুছ, ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হোছাইন আহমদ কাসেমী এবং বিএনপি নেতা জহির সওদাগর।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মুহাম্মদ আব্দুর রহিম, সেক্রেটারি রবিউল আলম, প্রচার সম্পাদক ডা. আব্দুস সাত্তার, বিশিষ্ট ব্যবসায়ী ওমর আলম এবং যুব দায়িত্বশীল সাখাওয়াত হোসেন আসিফ।

অনুষ্ঠানে ‘আপনার পুলিশ আপনার পাশে, সঠিক তথ্য দিন সেবা নিন’ এবং ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’— এই প্রতিপাদ্য তুলে ধরে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

এ সময় ইউনিয়ন পরিষদের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, সুধীজন ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন