১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার
৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হামে মৃত্যুর অন্যতম কারণ ‘পুষ্টির ঘাটতি’ : স্বাস্থ্যমন্ত্রী

শেয়ার করুন
হাম ও ডেঙ্গুবিষয়ক বৈজ্ঞানিক সেমিনার। ছবি : সংগৃহীত

হামে আক্রান্ত শিশুদের মায়েদের বেশিরভাগ পুষ্টিহীনতায় ভুগছে এবং পুষ্টির ঘাটতি হামে মৃত্যুর অন্যতম কারণ বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রোববার (১৭ মে) জাতীয় প্রেসক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত হাম ও ডেঙ্গুবিষয়ক বৈজ্ঞানিক সেমিনারে তিনি এ তথ্য জানান।

সাখাওয়াত হোসেন বলেন, ‘হামে আক্রান্ত শিশুদের মায়েরা বেশিরভাগ পুষ্টিহীনতায় ভুগছেন। হামে মৃত্যুরও অন্যতম কারণ পুষ্টি ঘাটতি। এ কারণে শিশুরা হামের সঙ্গে নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। আক্রান্তদের সঠিকভাবে আইসোলেশন করতে না পারায় এর মাত্রা বেড়েছে। নানা সমস্যার কারণে হাম এবার স্বাস্থ্য ব্যবস্থাকে জর্জরিত করেছে।’
তিনি বলেন, ‘বিদেশে বসে ফ্যাসিস্টরা স্বাস্থ্য খাতে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ শুরু করেছে সরকার। মহাখালী ক্যানসার হাসপাতাল এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে। পিআইসিইউ চালু করা হয়েছে।’
এ ছাড়া রোগ নির্ণয় ও চিকিৎসার সুবিধার্থে ড্যাবের পক্ষ থেকে দ্রুত ‘ন্যাশনাল গাইডলাইন’ সরকারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
অনুষ্ঠানে বক্তারা তৃণমূলের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমলাতান্ত্রিক নির্ভরতা কমিয়ে রাজনৈতিক সংগঠনের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তারা স্বাস্থ্য খাতের যেকোনো ভালো কর্মসূচি সফল করতে এবং সম্ভাব্য ‘স্যাবোটাজ’ বা বিপর্যয় এড়াতে যোগ্য ও আদর্শিক চিকিৎসকদের নেতৃত্বের দায়িত্বে আনার ওপর জোর দেন।

ড্যাবের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আবুল কেনানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, হাম ও ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে জনসচেতনতা সপ্তাহ পরিচালনা কমিটির আহ্বায়ক শামীম আহমেদ।

এ ছাড়া বক্তব্য দেন ড্যাবের কেন্দ্রীয় নেতা অধ্যাপক এ কে এম খালেকুজ্জামান প্রমুখ।

শেয়ার করুন