১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়ানডেতে ফেরার প্রস্তাব পেয়েও যে কারণে গ্রহণ করেননি মুশফিক

শেয়ার করুন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মিডল অর্ডারের অন্যতম ভরসা ছিলেন মুশফিকুর রহিম। পেয়েছিলেন মিস্টার ডিপেন্ডেবল তকমাও। গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফির পরই একদিনের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি। তবে অবসরের পরও ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে আবার ফেরার প্রস্তাব পেয়েছিলেন এই তারকা ক্রিকেটার। তবে এ প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি।

গত বছর পরপর চারটা ওয়ানডে সিরিজ হারে বাংলাদেশ। তখন টাইগারদের মিডল অর্ডারের অবস্থাও খুব একটা ভালো ছিল না। এমন সময়েই মুশফিককে অবসর ভেঙে ওয়ানডেতে ফেরার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু সে প্রস্তাব গ্রহণ করেননি ৩৯ বছর বয়সী এই উইকেটকিপার ব্যাটার।

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে মুশফিক এ প্রসঙ্গে বলেন, ‘ওয়ানডে ক্রিকেটে যেটা বললেন, আমার কাছে (প্রস্তাব) এসেছিল। কিন্তু আমি মনে করি, বাংলাদেশ দল ইনশা আল্লাহ এমন একটা পর্যায়ে এখন আছে এবং ভবিষ্যতেও যাবে, আমি মনে করি যে আমার ও রকম সার্ভিস দরকার হবে না।’

দেশের হয়ে ২৭৪ ওয়ানডে খেলে তাঁর সেঞ্চুরি ৯টি, ৩৬.৪২ গড়ে করেছেন ৭৭৯৫ রান। ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া মুশফিক এখন শুধু টেস্টেই খেলছেন। তিনি জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততায় পরিবারকে সময় দিতে পারেননি। এখন সেটাই করতে চান।

বাংলাদেশের টেস্ট দল এখন সেরা অবস্থানে আছে জানিয়ে তিনি আরও বলেন, ‘আগেও অনেক দারুণ ব্যক্তিগত পারফরমার ছিল। কিন্তু সব মিলিয়ে আপনি যদি বলেন ধারাবাহিকতার দিক থেকে, যদি আপনি খেয়াল করে দেখেন, অবশ্যই এখন যে টেস্ট দলটা খেলছে, সব সময়ের চেয়ে বেশি ধারাবাহিক। আগে আমরা এক বছরে গড়ে হয়তো সর্বোচ্চ তিনটা টেস্ট খেলতাম, এ রকম হলে ফল পাওয়া খুব কঠিন। এখন ৮–১০টা খেলি, আগের থেকে এটা ভালো।’

শেয়ার করুন